নড়াইলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
রূপক মুখার্জি, নড়াইল : 'ক্লিন নড়াইল' কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। আজ রবিবার সকালে হাসপাতাল চত্বরে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্দেশনায় নড়াইল পৌরসভাসহ নির্বাচনী এলাকায় "ক্লিন নড়াইল" গড়ার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ জেলা হাসপাতালে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলো। ইতিমধ্যে যশোর-নড়াইল মহাসড়কসহ বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক টিম ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে এবং এটি অব্যাহত থাকবে।’
হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সংসদ সদস্য বলেন, ‘নড়াইল ছোট জেলা হলেও এখানে প্রচুর রোগী চিকিৎসার জন্য আসেন। ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ হলেও কিছু রাষ্ট্রীয় জটিলতা ও জনবল সংকটের কারণে এটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করব।’ তিনি আরও যোগ করেন যে, একজন রোগী তার প্রাপ্য সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকার রাখেন। চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাই আন্তরিক হলে নড়াইল সদর হাসপাতালে মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব।
পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল গাফফার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুজল বক্সী, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু এবং নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ দলীয় নেতৃবৃন্দ।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৬)
