তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ জন প্রশাসনিক কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিবারের উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সাংবাদিকদের দীর্ঘ অনুসন্ধান, সরজমিন পরিদর্শন এবং সেবাগ্রহীতাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সেবা দাতারা হলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: রকিবুল ইসলাম,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়,
জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ি বাগচী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ, এসআই, টুঙ্গিপাড়া থানা এম এ খালেক, শিক্ষক, ২৫ নম্বর পাটগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আনিসুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিক শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান লাবিব, দপ্তর সম্পাদক শান্ত শেখ, উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান সহ অন্যান্য দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

ইমরান শেখ বলেন পেশাগত কারণে আমাদের প্রতিনিয়ত প্রান্তিক মানুষের কাছে যেতে হয়। আমরা দেখেছি, এই কর্মকর্তারা নিজ নিজ দপ্তরে সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে নিরলস কাজ করেছেন। তাঁদের এই ভালো কাজকে অনুপ্রাণিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করি, আজ যাঁরা এই সম্মাননা পেলেন, ভবিষ্যতে তাঁরা জাতীয় পর্যায়েও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন।"

অনুপ্রেরণার নতুন দিগন্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং উপজেলার অন্যান্য দপ্তরগুলোকেও জনসেবায় আরও যত্নবান ও উৎসাহী করে তুলবে। পরিশেষে উপস্থিত সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৬)