আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা’ করা দেশগুলোর ওপর উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ক বাতিল করে দিয়েছে। সেই বিবেচনায় শুল্ক ও বাণিজ্য চুক্তির বিষয়টি মূল্যায়ন করছে বিশ্বের বিভিন্ন দেশ।
এর মধ্যেই এমন হুমকি দিলেন ট্রাম্প।

সোমবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা আগের একটি চুক্তির অনুমোদন স্থগিত করবে। আর চুক্তি চূড়ান্ত করার জন্য পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করার কথা জানিয়েছে ভারত।

এর পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সেখানে তিনি সুপ্রিম কোর্টের রায় ব্যবহার করে বাণিজ্য প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়ে দেশগুলোকে সতর্ক করেছেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যেকোনো দেশ, যারা সুপ্রিম কোর্টের হাস্যকর সিদ্ধান্ত সামনে এনে খেলতে চায়, বিশেষ করে যারা বছরের পর বছর ধরে এমনকি দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছিঁড়ে খেয়েছে, তাদের উপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে, যা সম্প্রতি রাজি হওয়া শুল্কের চেয়েও খারাপ।

শেষে তিনি লিখেছেন, ‘ক্রেতা সাবধান।’

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক শুল্ক বাতিল করেছে।

ওই আদেশে আদালত বলেছে, আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয়নি, যা দেশটিতে আমদানি করা পণ্যগুলোর ওপর একটি কর হিসেবে বিবেচিত হয়।

তথ্যসূত্র : বিবিসি

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)