ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এ কর্মরত এক বেলারুশ নাগরিককে প্রাইভেটকার দিয়ে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাড়িচালককে আটক করেছে পুলিশ।

আহত বিদেশি নাগরিকের নাম হারশাকৌ উলাজিস্লাউ (২৯)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত নিকিমথ কোম্পানির একজন বেলারুশিয়ান প্রকৌশলী বলে জানা গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদীর নতুনহাট এলাকায় প্রকল্পের গ্রিনসিটি সংলগ্ন বাজারে গ্যালাক্সি বার-এর সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৪-৭৩৮২) হঠাৎ দ্রুতগতিতে তাকে লক্ষ্য করে এগিয়ে আসে এবং চাপা দেওয়ার চেষ্টা করে। তিনি সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি তার পায়ে সজোরে আঘাত করে। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই চালক গাড়িসহ দ্রুত স্থান ত্যাগ করেন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত প্রকৌশলীকে উদ্ধার করে গ্রিনসিটির অভ্যন্তরে মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটক চালক মো. সানজিদ (২১) ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলা মহল্লার বাসিন্দা আরশাদ আলমের ছেলে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার মঙ্গলবার সকালে বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)