টাঙ্গাইলে মাংস বিক্রির জন্য ঘোড়া জবাই, আটক ৪
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় স্থানীয়রা ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটককৃতরা হলেন, ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে মো. হৃদয়, একই জেলার তৈয়বপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. সুমন (২০), ধনিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফরহাদ এবং লালমনিরহাটের মহিষখোঁচা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টা থেকে পৌনে ৩টার মধ্যে ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের বসতবাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে মারধর করে। পরে গোপালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটকদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
(এসএম/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৬)
