ধর্মীয় উন্নয়নে যৌথ পথে বাংলাদেশ–মালয়েশিয়া
স্টাফ রিপোর্টার : ধর্ম বিষয়ক সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষার আধুনিকায়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন দুই দেশের দায়িত্বশীল মন্ত্রীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তে পৌঁছান বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।
ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হজ ব্যবস্থাপনা আরও দক্ষ ও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশের ধর্মমন্ত্রী।
তিনি যাকাত প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করতে অভিজ্ঞতা বিনিময়ের ওপরও জোর দেন তিনি।
অন্যদিকে, মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রীও দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।
দুই দেশই আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে ধর্মীয় বিষয়ে যৌথ কর্মসূচি, প্রশিক্ষণ বিনিময় এবং নীতিগত সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে। সমসাময়িক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আধুনিক ও বাস্তবমুখী করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার এই উদ্যোগকে ধর্মীয় প্রশাসন ও ব্যবস্থাপনায় একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৬)
