‘বিএনপির পরিচয় থাকায় জুলাই আন্দোলনের অনেকেই বঞ্চিত’
স্টাফ রিপোর্টার : বিএনপির দলীয় পরিচয় থাকায় বিগত সরকারের সময়ে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক নেতাকর্মীর পরিবার সহায়তা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের তালিকায় বিএনপি কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়নি। পরবর্তীতে প্রধানমন্ত্রী তাদের যাচাই-বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদের বিগত সময়ে বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা সঠিকভাবে প্রদান করা হয়নি। সেগুলো আমরা পুনর্বিবেচনা করছি। আমাদের কাছে কোন রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচ্য হবে না। যে কেউ আহত হয়েছেন বা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের পুনর্বাসন, চিকিৎসা ও পরিবারের অন্যান্য সহায়তা নিশ্চিত করা হবে।
তাদের প্রাপ্য সম্মানও প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিষয়ে প্রধানমন্ত্রী সরাসরি জানতে চেয়েছেন।
তিনি আমাদের ডেকেছেন এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং পরিবার সদস্যদের শিক্ষাসহ বিভিন্ন ভাতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। জুলাই ফাউন্ডেশনের অতীত কার্যক্রমের তহবিল ঠিকভাবে ব্যবহৃত হয়েছে কি না, সেটিও প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। আমরা তাকে সব তথ্য জানিয়েছি।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৬)
