দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ–এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সভা শেষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর- ৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আবদুল্লাহ শিকদার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক ফকির, গেরদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, ডিগ্রীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির এবং অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম।

সভায় ফরিদপুর সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম জোরদার করা, জনসেবা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৬)