‘জীবনের বিনিময়ে হলেও ভোটের অধিকার রক্ষা করব’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা বসানো হবে। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় আমরা দাঁড়িয়ে যাব।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২) প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানা এ ইফতার মাহফিলের আয়োজন করে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।
সংসদে দলের ভূমিকা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ব।
এ সময় তিনি ঢাকা-১৫ আসনকে একটি ‘মডেল আসন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশব্যাপী চাঁদাবাজি বন্ধে সরকারি দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করুন। তা না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ ৫৪ বছরে অনেক আদর্শ দেখেছে, কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখার সৌভাগ্য এদেশের মানুষের হয়নি।
এ সময় জামায়াত ঘোষিত ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করা এবং প্রবাসীদের লাশ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতি অনুসরণ করায় সরকারি দলকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং সংসদে একটি অর্থপূর্ণ বিরোধীদল হিসেবে ভূমিকা রাখবে।
মহানগরী মজলিশে শুরা সদস্য মু. আবু নাহিদ ও মো. আশিকুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, মহানগরী কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, উপাধ্যক্ষ মু. আনোয়ারুল করিম, মো. রেজাউল করিমসহ অনেকে।
ইফতার মাহফিলে সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৬)
