ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলায় গভীর রাতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ ও হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) ও মেয়ে জামিলা আক্তার (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের কোনো এক সময় হঠাৎ কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন বাড়ির বাইরে বের হন। কিছুক্ষণ পর শব্দ বন্ধ হয়ে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার নাতনি জামিলা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের সরিষা ও গমক্ষেতের আইল থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ পুলিশ-এর ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ দুটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এলাকায় এ ঘটনায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)