‘বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু করা হবে’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের নাগরিকদের জন্য খুব শিগগিরই ভারতীয় ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি বলেছেন, এরই মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারে সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ভারতের হাই কমিশনার আসছে। ওনারা ইতিবাচক যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। আমাদের বাংলাদেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারে সেই ব্যবস্থা উনারা করছেন।
সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।
তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে।
এ দল পক্ষের নামে মারামারি কোন্দল এগুলো বন্ধ করতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মারামারি করে হাসপাতালে যাওয়া লাগে মামলা হয় হামলা হয়। এগুলো করে আসলে আমাদের কোনো লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভদী, যদুনন্দী, সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায় আমাদের ভাই-বোনদের ভবিষ্যতের জন্য কি ভাবে কাজ করা যায় শিক্ষার ব্যবস্থা কীভাবে উন্নতি করা যায়, রাস্তাঘাট কিভাবে ঠিক করা যায়, সেদিকে আমাদের কাজ করতে হবে। এ জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে।
শামা ওবায়েদ আরও বলেন, আজকে আমি এখানে এমপি মন্ত্রী হিসেবে আসি নাই, আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের মেয়ে/সন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু পর্যন্ত আপনাদের মেয়ে/সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আর কোনো পরিচয় আমার দরকার নাই। আমাদের যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, আমি তাদের সবার এমপি; শুধু বিএনপির না।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)
