নড়াইলে খালেদা জিয়ার ব্যানার ছিড়ে ফেললো দুর্বৃত্তরা, নেতাকর্মীদের ক্ষোভ
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া শহরের জয়পুর এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে টানানো সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলীয় নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে।
আজ শনিবার সেহেরীর পর লোহাগড়া পৌর শহরের জয়পুর এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে টানানো 'মহাকালের সমাপ্তি'' শিরোনামে ব্যানারটি কে বা কারা ছিঁড়ে ফেলেছে। সকালে বিষয়টি জানাজানি হলে দলীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সৃষ্ট ঘটনাটি পুলিশকে জানানো হলে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম বলেন, 'এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এমন কাজ করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি।’
লোহাগড়া উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন বলেন, 'ঘটনাটি ন্যাক্কারজনক। প্রয়াত বেগম খালেদা জিয়া এদেশের ৩ বারের প্রধানমন্ত্রী, একটি বড় দলের চেয়ারপারসন ছিলেন। তার ব্যানারটি এমন ভাবে ছিড়ে ফেলা মানে দলকে অপমানিত করা। আমি ও আমার দল লোহাগড়া উপজেলা বিএনপি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এমন কাজে যারা জড়িত তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনার জন্য লোহাগড়া থানা পুলিশকে অনুরোধ করছি।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)
