শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে সার বছর বয়সী এক শিশুর গলায় ক্ষত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এটি একটি হত্যাকাণ্ড। ধারালো অস্ত্রের আঘাতে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। হৃদয় বিদারক এ ঘটনায় পরিবারে শোকের মাতম বইছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন একটি ভুট্টাখেতের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম সিরাজুল আল সামস (৭)। সে ওই এলাকার মো. মমিনুল ইসলামের ছেলে এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইফতারের পর সামস নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মাদ্রাসার পাশের ভুট্টাখেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টুদে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি হত্যাকাণ্ড। ধারালো অস্ত্রের আঘাতে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পরিবারের পক্ষ থেকেও ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৬)