ঈশ্বরদী প্রতিনিধি : ইরানের ওপর ইসরাইল ও আমেরিকার কথিত বর্বরোচিত হামলা এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে শহরের রেলওয়ে গেটস্থ বাসটার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। ‘ঈশ্বরদী বাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে দাহ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা নানা স্লোগান দেন। এর মধ্যে ছিল— “ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে”, “খামেনিকে হত্যা কেন, ট্রাম্প তুমি জবাব দাও”, “ইরানে হামলা কেন, নেতানিয়াহু জবাব দাও” ইত্যাদি।

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। তিনি ইরানে ‘অযাচিত হামলার’ নিন্দা জানিয়ে এ ঘটনার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

(এসকেকে/এসপি/মার্চ ০২, ২০২৬)