সালথা (ফরিদপুর) প্রতিনিধি : স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে বাঁশের খুটির সাথে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগের ঘটনায় অভিযুক্ত সাহিদ শেখ (৪৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত সাহিদ শেখ ওই গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঝারদিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, মাঝারদিয়া গ্রামের সাহিদ শেখের ছেলে আশিক ও স্ত্রী জাহানারা বেগম তার মাদক ব্যবসা বাদ দিতে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাহিদ শেখ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুটিতে বেঁধে মারধর ও নির্যাতন করে।

এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। এঘটনায় স্বামীর বিরুদ্ধে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দেয় স্ত্রী জাহানারা বেগম।

অভিযোগের পর থেকেই পুলিশ সাহিদ শেখকে গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চালায়।

(এএনএইচ/এএস/মার্চ ০৩, ২০২৬)