স্টাফ রিপোর্টার : দেশের ভূমি অফিসগুলোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দেশের সকল ভূমি অফিস নিয়েই প্রশ্ন আছে, অভিযোগ আছে, পাশাপাশি দুর্নীতির অভিযোগও আছে। এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার (৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস-এ আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, অফিস সকাল ৯টায় খোলার কথা থাকলেও একজন কর্মকর্তা আসেন পৌনে ১০টায় এবং আরেকজন ১০টার পর। তিনি বলেন, এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি আশাহত হয়েছি। প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভূমি অফিসে সেবাদানকারীদের সঙ্গে সেবাগ্রহীতাদের দূরত্ব বা ‘গ্যাপ’ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোন কাজ করতে কতদিন সময় লাগবে তা স্পষ্টভাবে জানানো হয় না, এখনও আমলাতান্ত্রিক মনোভাব রয়ে গেছে। জনগণের সঙ্গে কাঙ্ক্ষিত সম্পর্ক গড়ে ওঠেনি। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

এসময় প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের যে-কোনো প্রান্তে, যে-কোনো দিন আমরা পরিদর্শনে যাব। ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান, প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

(ওএস/এএস/মার্চ ০৪, ২০২৬)