রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালীতে ২২ কেজি গাঁজাসহ তাসলিমা খাতুন (৪৬)  নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব-১০।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহর তলীর মুন্সিবাজার এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক (২২ কেজি গাঁজা) উদ্ধার ও এসব মাদক কারবারির সাথে সক্রিয় থাকা ওই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনি. সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার 'দৈনিক বাংলা ৭১'কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার দুপুর অনুমান ১২ টা ৩০ দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সিবাজার সাকিনস্থ চুইঝাল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চেকপোস্ট স্থাপন করে গোল্ডেন লাইন নামক একটি যাত্রীবাহী বাস হতে অনুমানিক ছয় লক্ষ ষাট হাজার টাকা মূল্যমানের ২২ কেজি গাঁজাসহ ১ জন নারী আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির নাম তাসলিমা খাতুন (৪৬), পিতা- মৃত আবু তালেব খন্দকার, সাং- ছয়চার, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা বলে জানা যায়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত এ নারী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজা) সহ হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া বলে আখ্যায়িত করে র‌্যাব-১০ আরও জানায় মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, 'মাদক নির্মূলে জিরো টলারেন্স' নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এ চৌকস এলিট ফোর্স- র‌্যাব।

(আরআর/এএস/মার্চ ০৪, ২০২৬)