একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেছেন ডা. মো. গিয়াস উদ্দিন খান। তিনি ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা।

গত ২ মার্চ তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যোগদান করেই তিনি পাংশাবাসীর উদ্দেশ্যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন গড়ে প্রায় ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি থাকেন। এ কারণে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেবা চালু করা, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অ্যাম্বুলেন্স পুনরায় সচল করা এবং সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা তার অগ্রাধিকার। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। সর্বোপরি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও যুগোপযোগী হাসপাতালে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চিকিৎসক সংকটের বিষয়ে ডা. গিয়াস উদ্দিন খান বলেন, “বর্তমানে চিকিৎসকের কিছু সংকট থাকলেও যারা কর্মরত আছেন তারা অভিজ্ঞ। আমি চেষ্টা করবো এই সংকট কাটিয়ে পাংশাবাসীকে আরও উন্নত চিকিৎসাসেবা প্রদান করতে।”

তিনি আরও জানান, রাজবাড়ী- ২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁর সহযোগিতায় হাসপাতালটিকে মানুষের সর্বোচ্চ সেবা প্রদানের উপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ লক্ষ্যে পাংশার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত এই কর্মকর্তা।

(একে/এসপি/মার্চ ০৫, ২০২৬)