রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকায় অবস্থিত দুর্গম পাহাড়ের শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান ‘লোটাস শিশু সদন উচ্চ বিদ্যালয়’-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে ধর্মীয় বন্দনা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তারা লোটাস শিশু সদনের মহৎ উদ্দেশ্যের কথা তুলে ধরে বলেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে অনাথ ও অসহায় শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। অভিভাবকহীনতার কারণে শিশুরা ঝরে পড়ার ঝুঁকিতে থাকে, তাদের আবাসন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. নাগাসেনা ভিক্ষু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

তারা বলেন, "তোমরাই পাহাড়ের প্রকৃত সম্পদ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই পারবে এই জনপদের ভাগ্য বদলাতে। তোমরাই হবে আগামীর স্বপ্নদ্রষ্টা।"

কুকিমারা বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ. বিসারদা ভিক্ষু, রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদ নির্বাহী কর্মকর্তা, সুইচিংমং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. রুইহ্লাঅং মারমা, ওয়াগ্গা ১০০ নং মৌজা হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় সুবিমল তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, জয়সীম বড়ুয়া, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আশোতোষ তঞ্চঙ্গ্যা, লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হ্রাংহ্লামং মারমা। লোটাস শিশু সদনের সহকারী শিক্ষক হ্লাচিংপ্রু মারমা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্নী বড়ুয়া।

আলোচনার ফাঁকে ফাঁকে পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্যময় ম্রো, খুমী, মারমা, খিয়াং,তঞ্চঙ্গ্যা ও চাকমা গান পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বিদায়ী ৩৩ জন পরীক্ষার্থী তাদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে।

তারা জানায়, এই প্রতিষ্ঠানটি তাদের কাছে কেবল একটি বিদ্যালয় নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল। শিক্ষকদের স্নেহ আর অক্লান্ত পরিশ্রমে তারা আজ উচ্চশিক্ষার এই ধাপে পৌঁছাতে পেরেছে।

অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও বিশেষ স্মৃতিস্মারক তুলে দেওয়া হয়। পরিশেষে শিক্ষার্থীদের সাফল্য এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

(আরএম/এসপি/মার্চ ০৫, ২০২৬)