বেইলি ব্রিজে ইটবোঝাই ট্রাক দুর্ঘটনা: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল ব্যাহত
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্যাঙছড়ি বেইলি ব্রিজে ইটবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ব্রিজের ওপর যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থেকে ইটবোঝাই করে একটি মিনি ট্রাক কাপ্তাইয়ের দিকে আসছিল। ট্রাকটি ব্যাঙছড়ি বেইলি ব্রিজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি সজোরে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে আটকে যায়। ব্রিজের প্রশস্ততা কম হওয়ায় তাৎক্ষণিকভাবে ওই পথ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা মিলে আটকে থাকা ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান "দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। তবে স্বস্তির বিষয় হলো, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"
স্থানীয়রা জানান, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের এই ব্যাঙছড়ি বেইলি ব্রিজটি দীর্ঘ দিন ধরেই অত্যন্ত সরু এবং ঝুঁকিপূর্ণ। এ কারণে এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমস্যা সমাধানে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রায় দুই-তিন বছর আগে এখানে একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছিল। তবে পাইলিংয়ের সময় মাটির নিচে বিশাল আকৃতির পাথরের স্তর পাওয়ায় কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
সওজ বিভাগ জানিয়েছে, নতুন নকশা ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুতই ব্রিজের নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে। তবে নতুন ব্রিজ না হওয়া পর্যন্ত এই সরু বেইলি ব্রিজটি এখন ওই রুটের যাত্রীদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
(আরএম/এসপি/মার্চ ০৫, ২০২৬)
