রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলায় নড়াইল-মাগুরা সড়কে নসিমন (ইঞ্জিন চালিত অবৈধ যান) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজ শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার নড়াইল-মাগুরা সড়কের কাগজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শেখ সদর উপজেলার ফুলস্বর গ্রামের তরিকুল শেখের ছেলে। সে নড়াইলের তৃষ্ণা ওয়াটার ড্রিংকিং এর ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিয়াজ প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে নসিমনে বিশুদ্ধ পানি ডেলিভারি দেওয়ার জন্য নলদি ও মিঠাপুর এলাকায় গিয়েছিলেন। এদিন পানি ডেলিভারি দিয়ে ফেরার পথে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় পৌঁছালে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরুর কিছু সময় পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

(আরএম/এসপি/মার্চ ০৫, ২০২৬)