‘রমজান মানুষকে মানবতার শিক্ষা দেয়’
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের পথে সমাজকে পরিচালিত করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত এমপি সরওয়ার আলমগীর।
তিনি বলেন, রমজান মানুষকে তাকওয়া, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
শুক্রবার (৬ মার্চ) পবিত্র মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও কেন্দ্রীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এবং খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের সৌজন্যে এ আয়োজন করা হয়।
দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর জিম্মাদার, মুন্তাজেম ও সাজ্জাদানশীন আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম আলহাজ শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) প্রকাশ ছোট হুজুর কেবলা কাবার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক নাজমুল হক রাজু, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সৈয়দ ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী, মাওলানা সৈয়দ বশিরুল আলম, অধ্যক্ষ আবু তালেব বেলাল ও মাসুদ মাহমুদ।
মাহফিলে বক্তারা বলেন, মাহে রমজান মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এ মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি মানবসেবায় এগিয়ে আসা এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা।
আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর বিভিন্ন দায়রা ও শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী মাহফিলে উপস্থিত ছিলেন। আনজুমানের যুগ্ম সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সঞ্চালনায় ইফতার, তাওল্লুদে গাউছিয়া ও মিলাদ-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী।
(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৬)
