ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে ‘ইউনাইটেড ফরিদপুর’-এর আয়োজনে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়।
ফেস্টিভ্যাল উপলক্ষে বিকেলে আলোচনা সভা, দোয়া ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনাইটেড ফরিদপুরের সভাপতি জুরাইস ইবনে আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর আব্দুল বাতেন এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম প্রমুখ।
এ সময় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন ফরিদপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। বক্তারা বলেন, এ ধরনের ফেস্টিভ্যাল নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি পবিত্র মাহে রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে নৈতিক জীবন গঠনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুরের খান ভিলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন।
গণ ইফতার মাহফিলে প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রমাদান ফেস্টিভ্যাল উপলক্ষে প্রায় ৫০টি বিভিন্ন ধরনের স্টল বসেছে। আগামী ৮ মার্চ পর্যন্ত এ ফেস্টিভ্যাল চলবে।
(ডিসি/এএস/মার্চ ০৭, ২০২৬)
