দেশের সব ব্যাংককে নারী দিবস পালনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
স্টাফ রিপোর্টার : সব তফসিলি ব্যাংককে গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৬ মার্চ) ব্যাংকের রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে।
এ বছর দিবসটির জন্য সরকার নির্ধারিত প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে সব ধরনের কর্মসূচি ও প্রচার কার্যক্রমে তুলে ধরার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক নারী দিবসের জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে এবং নির্ধারিত প্রতিপাদ্য তাদের উদযাপন কর্মসূচিতে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।
(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৬)
