‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’
বিনোদন ডেস্ক : বলিউড তারকা হৃতিক রোশন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। দুই ছেলে হ্রিহান রোশন ও হৃদান রোশনকে নিয়ে গর্ব, ভালোবাসা আর জীবনের নানা শিক্ষা তুলে ধরেছেন তিনি। বাবার অনুভূতিতে ভরা সেই পোস্ট এরই মধ্যে ভক্তদের মন ছুঁয়ে গেছে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পুরনো ছবি শেয়ার করেন হৃতিক। ছবিতে দেখা যায়, নৌকায় বসে নিশ্চিন্ত মুহূর্ত কাটাচ্ছেন তিনি ও তার দুই ছেলে। সেই ছবির সঙ্গেই লিখেছেন একটি দীর্ঘ নোট, যেখানে ছেলেদের জীবনের পথে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেতা।
পোস্টে হৃতিক লিখেছেন, একজন বাবার কাছে সন্তানদের বড় হয়ে উঠতে দেখা ভাষায় প্রকাশ করা কঠিন এক আনন্দ। তাদের প্রতিভা, পরিশ্রম, সাফল্য ও বিনয় তাকে গর্বিত করে। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, অনেক সময় সাফল্যের সঙ্গে গর্ব এমনভাবে জড়িয়ে যায় যে মনে হতে পারে-পারফর্ম করলে তবেই ভালোবাসা পাওয়া যায়।
এ কারণেই নিজের অনুভূতি পরিষ্কার করে জানাতে চেয়েছেন তিনি। হৃতিক বলেন, তার গর্ব যত বড়ই হোক না কেন, তা কখনোই সন্তানদের প্রতি তার ভালোবাসার সমান হতে পারে না। কারণ তার ছেলেরা যেমন আছে, ঠিক সেইভাবেই তারা তার কাছে যথেষ্ট।
শুধু সাফল্য নয়, জীবনের ব্যর্থতাকেও গ্রহণ করার পরামর্শ দিয়েছেন অভিনেতা। তার মতে, জীবনের প্রতিটি অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ-সাফল্য, ব্যর্থতা, আনন্দ, দুঃখ, একাকীত্ব কিংবা সম্পর্ক-সবকিছু মিলিয়েই মানুষ সম্পূর্ণ হয়ে ওঠে। এমনকি তিনি চান, তার ছেলেরা জীবনে ‘দুর্দান্ত ব্যর্থতা’র মুখোমুখিও হোক, কারণ সেখান থেকেও শেখার অনেক কিছু থাকে।
হৃতিকের মতে, জীবনের আসল লক্ষ্য কোনো নির্দিষ্ট অর্থ খোঁজা বা শুধু জয়ের পেছনে ছোটা নয়। বরং জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করা এবং মানবিক অভিজ্ঞতার মধ্য দিয়েই প্রকৃত যাত্রা সম্পূর্ণ হয়।
অভিনেতার এই আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী সুজান খান। মন্তব্যে তিনি লিখেছেন, “দারুণ ছবি… আর অসাধারণ ভাবনা! তোমার বাবা হওয়া নিয়ে একটি বই লেখা উচিত।” অন্যদিকে হৃতিকের বর্তমান সঙ্গী সাবা আজাদ-ও আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে বিচ্ছেদের পরও হৃতিক ও সুজান একসঙ্গে দুই ছেলেকে বড় করে তুলছেন। পরে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের পঞ্চাশতম জন্মদিনের অনুষ্ঠানে হাত ধরে হাজির হয়ে সাবা আজাদের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনেন অভিনেতা।
কাজের ক্ষেত্রে সবশেষে তাকে দেখা গেছে ওয়ার টু ছবিতে। অয়ন মুখার্জি পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন এন টি রামা রাও জুনিয়র, কিয়ারা আদবানি, আশুতোষ রানা ও অনিল কাপুর। ছবিটি ‘যশ রাজ ফিল্মস’র জনপ্রিয় স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে।
(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৬)
