নগরকান্দায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড়ে বিশ্বরোডের পাশে সরকারি জমি দখল করে নির্মাণ করা একটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ মার্চ) সকালে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, জয়বাংলা বিশ্বরোডের পাশে সরকারি জায়গা দখল করে ইউনুস মাতুব্বর নামে এক ব্যক্তি একটি দোকানঘর নির্মাণ করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় লোকজন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমি দখল করে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(পিবি/এএস/মার্চ ০৮, ২০২৬)
