নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক যুবতীকে ফসলি জমিতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ মার্চ) রাতে নগরকান্দা থানায় এ অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী নারীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের মান্দারের কাছে বিক্রি করা পেঁয়াজের টাকা নিতে সেখানে যান। এ সময় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে মোবাইল ফোনটি নিয়ে মান্দার তার শ্বশুরবাড়িতে চলে যায়।
মোবাইল ফোন ফেরত পাওয়ার আশায় ওই নারী মান্দারের বাড়িতে অবস্থান করছিলেন। অভিযোগে বলা হয়, রাতে প্রতিবেশী সোহেল ও মোহাম্মদ নামে দুই যুবক তাকে ফসলি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
(পিবি/এএস/মার্চ ০৯, ২০২৬)
