রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় মোকলেছুর রহমান নামের এক বিকাশ এজেন্টের ওপর হামলা করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দুপুরের দিকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর ও পরে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি কালিগঞ্জের মৌতলা গ্রামের বাসিন্দা।

মোকলেছুর রহমান জানান, তিনি পেশায় একজন বিকাশ এজেন্ট। তার কৃষ্ণনগর বাজারে একটি দোকান রয়েছে। রবিবার দুপুর আনুমানিক ৩ টার দিকে তিনি মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। বাজার থেকে ১ কি:মি: আগে বাশতলা এলাকায় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ মাঠে নেমেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

(আরকে/এসপি/মার্চ ০৯, ২০২৬)