দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে এক মিনিটের প্রতীকী বৈদ্যুতিক ব্ল্যাকআউট পালন করা হবে। এ ছাড়া গণহত্যায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে।

অন্যদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে স্টেডিয়ামের পাশে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ করবে।

এছাড়া সকাল ৯টায় ফরিদপুর জেলা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টায় কবি জসিমউদ্দিন হলে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় দিবস দুটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

(ডিসি/এসপি/মার্চ ০৯, ২০২৬)