ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ে পুলিশের মানবিক উদ্যোগে দীর্ঘ ৮ মাস ১২ দিন পর কুমিল্লা থেকে হারিয়ে যাওয়া শিশু আবদুল্লাহ (১০) অবশেষে তার পরিবারের কাছে ফিরে পেয়েছে।

আজ সোমবার বিকেলে রেলওয়ে সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে আবদুল্লাহ স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু ভুলবশত একটি ট্রেনে উঠে পড়ে সে। এরপর থেকে আর তার বাড়ি ফেরা হয়নি। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় তাকে খুঁজতে খুঁজতে পরিবারের সদস্যরা প্রায় দিশেহারা হয়ে পড়েন।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী রেলওয়ের এসএসএই (সিগন্যাল) শিশুটিকে স্টেশন এলাকায় দেখতে পান। পরে তাকে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দায়িত্ববোধ ও মানবিকতার তাগিদে রেলওয়ে পুলিশ এবং স্থানীয়দের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করা হয়। ধীরে ধীরে শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে শিশুটির দুই ভাই ফাহিম ও রিশাত থানায় এসে তাকে দেখতে পান। এ সময় আবদুল্লাহ দুই ভাইকে জড়িয়ে ধরে এবং তাদের মুখ ও কপালে হাত রেখে দীর্ঘদিনের না-পাওয়ার কষ্টের এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। উপস্থিত সবাই সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি আরও জানান, সেই মুহূর্তে নিজেকে সামলে রাখা কঠিন হয়ে পড়েছিল। হয়তো এটিই মানবতা। আমরা ছোট্ট একটি চেষ্টা করেছি—শিশুটির নোংরা পোশাক পরিবর্তন করে তাকে নতুন একটি পোশাক পরিয়ে দিয়েছি।

(এসকেকে/এসপি/মার্চ ০৯, ২০২৬)