দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত জুয়েল (৪৫) হত্যা মামলার তিন আসামিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার ভোররাতে র‌্যাব-১০ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. শাহনেওয়াজ (২৩), মো. সিফাত শেখ (১৯) ও মো. কামাল শেখ (৪৫)। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়ালচামট এলাকায়।

র‌্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ভিকটিম জুয়েলের বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশী মনি বেগমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে সকাল ৮টার দিকে শাহনেওয়াজসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে জুয়েলের বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে। এ সময় বাধা দিলে তারা জুয়েল ও তার ভাই সোহেলকে বেধড়ক মারধর করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহত জুয়েলের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন থাকাকালে আসামিরা আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে মঙ্গলবার ভোররাতে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ডিসি/এএস/মার্চ ১০, ২০২৬)