স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারের বন্যায় ভাসছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা ধরে রাখার অনন্য কীর্তি গড়ায় টিম ইন্ডিয়ার জন্য ১৩১ কোটি রুপির বিশাল অর্থ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

নিজেদের গড়া আগের রেকর্ড ভেঙে এবার নতুন উচ্চতায় পৌঁছালো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটি। এর আগে ২০২৪ সালে বার্বাডোজে রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল বিসিসিআই।

এবার সূর্যকুমার যাদবের দল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জেতায় সেই অংক বাড়িয়ে ১৩১ কোটি রুপি করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বিজয়ী হওয়ায় ভারতীয় দলের জন্য ১৩১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখা এবং রেকর্ড তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক এই সাফল্যে আমরা খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন জানাই।’

শুধু বিসিসিআই নয়, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকেও বড় অংকের প্রাইজমানি পাচ্ছে চ্যাম্পিয়ন ভারত।
টুর্নামেন্ট জয়ী দল হিসেবে ভারত আইসিসি থেকে পাচ্ছে ৩ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭.৪৮ কোটি রুপি। উল্লেখ্য, এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি গত আসরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩.৫ মিলিয়ন ডলারে।

এছাড়া ফাইনালের প্রাইজমানি ছাড়াও গ্রুপ পর্ব এবং সুপার এইট পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য আলাদাভাবে পারফরম্যান্স বোনাস হিসেবে প্রায় ৩১ হাজার ১৫৪ ডলার (২৮.৬ লাখ রুপি) করে পাবেন ক্রিকেটাররা।

(ওএস/এএস/মার্চ ১০, ২০২৬)