ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : সরস্বতীপুর একাডেমি (এসএ)-এর বার্ষিক সাধারণ সভা–২০২৬-এ প্রতিষ্ঠানের সাংগঠনিক গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। নীলফামারীর নটখানায় অবস্থিত ড্যানিশ বাংলাদেশ লেপ্রসি মিশন ট্রেনিং সেন্টারে এই বার্ষিক সাধারণ সভায় আগামী তিন বছরের মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে ১৫ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামোকে আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিত সদস্যরা মত প্রকাশ করেন।

সরস্বতীপুর একাডেমির এই নির্বাচনী প্রক্রিয়া সুচারুভাবে পরিচালনার জন্য একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়। নীলফামারী সদর উপজেলার সমাজসেবা অফিসার মো. ফিরোজ সরকার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সাথে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রোজেক্ট ম্যানেজার,সিপি, টিএলএম বি অম্বর চিসিম এবং ফাইনান্স ম্যানেজার, ডিবিএলএম, টিএলএম বি. আন্দ্রিয় বৈরাগী। উক্ত নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে এবং সার্বিক ব্যবস্থাপনায় অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

নির্বাচন কমিশনারদের পেশাদারিত্ব এবং উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রক্রিয়াটি একটি সফল ও অনুকরণীয় গণতান্ত্রিক অনুশীলনের দৃষ্টান্ত স্থাপন করে।

গতকাল সোমবার দুপুরে আয়োজিত এই সভায় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচনে অংশগ্রহণকারী ১৫ জন সদস্য শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং সেই ভোটের ভিত্তিতেই নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।

নির্বাচনের ফলাফলে মাইকেল অ্যান্ড্রকে চেয়ারম্যান এবং লিটন রায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রেভারেন্ড প্রফুল্ল কুমার রায়। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রেভারেন্ড বাবলু বিভা, সুভাষ রায় ও জেবা রায়।

সভায় বক্তারা বলেন, সীমিত সদস্যসংখ্যার একটি প্রতিষ্ঠানের মধ্যেও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে সদস্যদের মতামত ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় এবং সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও গণতান্ত্রিক ও শক্তিশালী হয়।

পরে সভার বিস্তারিত জানানো হয়, নীলফামারীর নটখানায় অবস্থিত ড্যানিশ বাংলাদেশ লেপ্রসি মিশন ট্রেনিং সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। একাডেমির চেয়ারম্যান মাইকেল অ্যান্ড্রর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল – বাংলাদেশ -এর ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ন্যাশনাল লিড সুরেন্দ্র নাথ সিং এবং ড্যানিশ বাংলাদেশ লেপ্রসি মিশন হাসপাতাল-এর ইনচার্জ ডা. পবন রোজারিও। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ লুথেরান চার্চ (বিএলসি)-এর সিনোড চেয়ারম্যান মনোজিত রায়সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ কুমার রায় এবং সার্বিক তদারকিতে ছিলেন একাডেমির অ্যাডমিনিস্ট্রেটর দ্বিজেন্দ্র নাথ রায়। সভায় একাডেমির বিগত বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্য ও অতিথিদের মতামতের ভিত্তিতে আগামী বছরের কর্মসূচি চূড়ান্ত করা হয়।

সভায় উপস্থিত সদস্য ও অতিথিরা আশা প্রকাশ করেন, সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন নেতৃত্ব সরস্বতীপুর একাডেমির শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

(ওকে/এসপি/মার্চ ১০, ২০২৬)