রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জিৎ বাগচি (১৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিজয় (১৭) নামে অপর এক কিশোর গুরুতর আহত হন।

আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিৎ বাগচি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিভাস বাগচির ছেলে। আহত বিজয় একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর থেকে মোটরসাইকেলযোগে জিৎ ও তার বন্ধু বিজয় লোহাগড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে জিৎ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা তার বন্ধু বিজয়কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(আরএম/এসপি/মার্চ ১০, ২০২৬)