‘ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি আর বাসে বাড়তি ভাড়া চলবে না’
স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদযাত্রায় সড়ক নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত রাখা হবে। ঈদযাত্রীদের কোনোরকম হয়রানি করা যাবে না। বাসে বাড়তি ভাড়া আদায় করা যাবে না। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে ঢাকার সব বাস টার্মিনালে স্থাপন করা হবে ‘প্যাসেঞ্জার হেল্প ডেক্স’। যাত্রীরা সেখানে অভিযোগ জানাতে পারবেন।
বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক মতবিনিময় সভায় এসব কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
‘ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে’ এ মতবিনিময় সভার আয়োজন করে মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সভায় ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন জেলায় যাতায়াত করা পরিবহন মালিক, চালক ও তাদের সহকারীরা অংশ নেন।
সভায় সাইফুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। এর মধ্যে অন্যতম মহাখালী, সায়েদাবাদ, গাবতলী বাস টার্মিনালে ‘প্যাসেঞ্জার হেল্প ডেক্স’ স্থাপন করা। কোনো বাসে অতিরিক্ত ভাড়া নিলে যাত্রীরা হেল্প ডেক্সে অভিযোগ জানাতে পারবেন।
তিনি বলেন, ঈদযাত্রায় কোনো অবস্থায়ই যাত্রী হয়রানি করা যাবে না। এরই মধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদযাত্রার সময় ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেওয়া হবে না জানিয়ে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, ফিটনেসবিহীন বাসের কারণে সড়কে দুর্ঘটনা ঘটে। অনেক সময় চালকরা বেপরোয়াভাবে বাস চালান। এটিও দুর্ঘটনার অন্যতম কারণ। বেপরোয়াভাবে আর গাড়ি চালানো যাবে না।
তিনি বলেন, মহাসড়কগুলোতে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানো যাবে না। এছাড়া একজন চালক বিরামহীনভাবে গাড়ি চালাতে পারবেন না। নিজের ও যাত্রীদের নিরাপত্তায় চালককে পর্যাপ্ত সময় বিশ্রাম নিতে হবে।
বর্তমান সরকার সড়কে চাঁদাবাজি বন্ধে বদ্ধপরিকর জানিয়ে সাইফুল আলম বলেন, ঈদে গণপরিবহনে চাঁদা আদায় করতে দেওয়া হবে না। চালকরা যেন নির্বিঘ্নে বাস চালাতে পারেন সেটি নিশ্চিত করা হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা কেন্দ্র করে কোনো ধরনের যাত্রী হয়রানি সহ্য করা হবে না। পরিবহন খাতে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় কঠিনভাবে দমন করা হবে।
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. সরওয়ার ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন প্রমুখ বক্তব্য রাখেন।
(ওএস/এএস/মার্চ ১১, ২০২৬)
