রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে বুধবার ভোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মন্দিরের প্রাচীর টপকে ঢুকে পাঁচটি মন্দিরের তালা ভেঙে প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ সাত হাজার টাকা লুট করে নিয়ে গেছে। 

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন (৫৮) জানান, গত মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে কেন্দ্রীয় মন্দিরের সেবাইত রমা দেবনাথ প্রতিদিনের মতো মায়ের বাড়ির সব মন্দিরের তালা লাগিয়ে বাড়ি চলে যান। পরদিন বুধবার (১১ মার্চ) ভোর আনুমানিক পৌনে ৩টার দিকে মন্দিরের অফিস কক্ষের দোতলার ছাত্রাবাসে থাকা সুভাশীষ চক্রবর্তী ও সুভাশীষ সরকার জানালার ফাঁক দিয়ে কালীমন্দিরসহ অন্যান্য মন্দিরের বৈদ্যুতিক বাতি নিভে থাকতে দেখে সন্দেহ করেন। তারা নিচে নেমে অন্য ছাত্রাবাসের ছাত্রদের ডাকতে গেলে দেখতে পান ছাত্রাবাসের দরজাগুলো বাইরে থেকে ছিকল দিয়ে আটকানো।

পরে তারা দেখতে পান কালীমায়ের মন্দির, অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ দেবের মন্দির, শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির এবং রাধা-গোবিন্দ মন্দিরের দরজার তালা ভাঙা বা কাটা অবস্থায় রয়েছে। একইসঙ্গে কালীমায়ের মন্দিরে স্থাপিত সিসি ক্যামেরার তার ও বিভিন্ন বৈদ্যুতিক লাইনের তার কাটা অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি ও শিক্ষক সঞ্জীব ব্যাণার্জী। তারা প্রাথমিকভাবে জানতে পারেন, কালীমায়ের মন্দিরের তালা ভেঙে দেবীর অঙ্গে থাকা সাত ভরি দুই আনা ওজনের সোনার ও পাঁচ ভরি ওজনের রুপার গহনা যার বাজার মূল্য ১৮ লাখ এক হাজার টাকাসহ পুরোহিতের রাখা সাত হাজার টাকা নিয়ে গেছে।

এছাড়া দুর্বৃত্তরা তালা কেটে অন্নপূর্ণা, জগন্নাথ, শ্রীচৈতন্য মহাপ্রভু ও রাধা-গোবিন্দ মন্দিরে ঢুকে প্রতিমার বস্ত্রাদি তছনছ করে। এ সময় ছাত্রাবাসের ছাত্ররা বিষয়টি টের পেয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা তালা কাটার কাজে ব্যবহৃত একটি হাত করাত, একটি ব্যাগে থাকা তিনটি পিতলের মূর্তি, কিছু পুরাতন কাপড় ও এক জোড়া হাওয়াই চপ্পল ফেলে রেখে যায়।

ঘটনার পরপরই বিষয়টি সাতক্ষীরা সদর থানাকে অবহিত করা হয়। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক তার কেটে প্রমান লোপাট করার চেষ্টা করেছে। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ি বুধবার রাত দুইটা থেকে ভোর চারটার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তালা কাটার একটি করাত উদ্ধার করেছে। এ ঘটনায় জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ গভীর রাতে দুর্বত্তরা একইভাবে সাতক্ষীরার কাটিয়ার কর্মকারপাড়া মায়ের মন্দিরের তালা কেটে সোনার গহনাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কোন ক্লু উদ্ধার করতে পারেনি।

(আরকে/এসপি/মার্চ ১১, ২০২৬)