বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন।

উদ্বোধনের পর পৌর চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা এবং হাসপাতালের বিভিন্ন আবর্জনার স্তূপসহ আশপাশের এলাকায় মশক নিধন মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করা হয়। এছাড়াও পৌর শহরের বিভিন্ন ড্রেনেও মেশিনের সাহায্যে ওষুধ ছিটিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ। মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে পৌর প্রশাসক শাহানাজ পারভীন পৌর শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে রান্নাঘরের পরিবেশ ও খাদ্যের মান তদারকি করা হয়। খাদ্যের গুণগত মান সন্তোষজনক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কয়েকটি প্রতিষ্ঠানে অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাদের সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পৌর এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। একইসঙ্গে জনস্বার্থে হোটেল ও রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শুধু হোটেল–রেস্তোরাঁ নয়, অন্যান্য দোকানেও নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজু, হিসাবরক্ষক নূরুল ইসলাম পান্নুসহ সংশ্লিষ্টরা।

(বিএস/এসপি/মার্চ ১৪, ২০২৬)