গোপালগঞ্জ প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ স্নানোৎসব ও মহাবরণীর মেলা উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (১৪ মার্চ) জেলার কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে ঠাকুর পরিবারের সদস্যদের সাথে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এ মতবিনিময় সভা করেন।

মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দিতে আগামী ১৬ মার্চ হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব তিথি উপলক্ষে স্নানোৎসব ও ৩ দিনব্যাপী মহাবারুনী মেলা অনুষ্ঠিত হবে।

স্নানোৎসব ও মেলা উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ওড়াকান্দি ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া আচার্য পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর ও সুব্রত ঠাকুরের সাথে মত বিনিময় করেন‌।

এ সময় স্নানোৎসব ও মেলার নানা বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এমপি সেলিমুজ্জামান সেলিম স্নান উৎসব ও মেলায় আইন-শৃংখলা রক্ষা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরিবারের সদস্য, মতুয়া নেতৃবৃন্দ, গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান সহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের নিয়ে সংসদ সদস্য ওড়াকান্দির ঠাকুরবাড়ি, স্নানোৎসবের পুকুর, মন্দির ও মেলঙ্গন পরিদর্শন করেন।

এসময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিমন, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাউপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ সকাল সাড়ে ৮ টায় স্নানোৎসব শুরু হয়ে চলবে পরের দিন ১৭মার্চ সকাল সাড়ে ৮টায় পর্যন্ত। এতে প্রতিবছর দেশ-বিদেশের অন্তত ১৫ লাখ ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে আসছে।

তবে মহাবরুণীর মেলা চলবে ১৮ মার্চ পর্যন্ত।

(টিবি/এএস/মার্চ ১৫, ২০২৬)