ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে র‍্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার আয়োজনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। একই কর্মসূচির ধারাবাহিকতায় শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান চত্বরে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান। কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিরতা তৈরি করছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে গেছে এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি সংকটে পড়েছে।

প্রতিবাদ সভায় কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-আমিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক আজাহারুল ইসলাম রাজা, কুখাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুল হক, ক্যাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, জলঢাকা উপজেলা শাখার ক্যাব সভাপতি এমদাদুল হক, কিশোরগঞ্জ উপজেলা ক্যাব সভাপতি রোকনুজ্জামান মিতু, ক্যাবের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, সদস্যবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিরা। এছাড়াও কর্মসূচিতে সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বাজার তদারকি জোরদার করা, মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন থাকলেও অনেক ক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ হয় না, ফলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেয়। এ অবস্থায় প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক সমাজকেও এ বিষয়ে সোচ্চার হতে হবে।

বক্তারা ভোক্তাদের অধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার এবং যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান। একই সঙ্গে বাজারে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি, ন্যায্যমূল্যের দোকান সম্প্রসারণ এবং কৃষক ও উৎপাদকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচি থেকে ভোক্তাদের অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ক্যাব নীলফামারী জেলা শাখা নিয়মিতভাবে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে।

(ওকে/এসপি/মার্চ ১৫, ২০২৬)