গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : শনিবার (১৪ মার্চে) মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত আব্দুল্লাহ শেখ (২০) মারা গেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। গতকাল শনিবার আশংকাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে গভীর রাতে আব্দুল্লাহ মারা যায়। এই নিয়ে ওই দুর্ঘটনায় সাজিদুল মোল্লা (১৯) সহ দুই বন্ধুর মৃত্যু হলো। আব্দুল্লাহ শেখ (২০) গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী ২ বন্ধুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে সাজিদুল তার আরো দুই বন্ধু আব্দুল্রাহ শেখ(২০)ও একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্রাকে(২০) সাথে নিয়ে তিন বন্ধু জিকজ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল।
এসময় নিয়ন্ত্রন হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।ফলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হয় এবং অপর দুই বন্ধুকে আশংকাজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আব্দুল্রাহ শেখকে ঢাকায় নিয়ে যাবার পথে সে মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
(টিবি/এসপি/মার্চ ১৫, ২০২৬)
