ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দীন নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। আজ রবিবার সকালের দিকে উপজেলার বড়বামনদাহ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এ এম বি এম ব্রিক্সের ট্রলি গাড়িতে ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে আসে। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আলাউদ্দিন নিহত হন এবং তার হেল্পার গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন আহত হেল্পারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এছাড়াও নিহত চালকের বিষয়ে রেল পুলিশকে অবগত করা হয়েছে।
(এইচআর/এসপি/মার্চ ১৫, ২০২৬)
