কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
রিপন মারমা, রাঙ্গামাটি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে শুরু হয়েছে সরকারি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ কার্যক্রম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই চাল উপজেলার মোট ৫ হাজার ৫৬৩ জন কার্ডধারী পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
আজ রবিবার সকালে উপজেলার রাইখালী, চিৎমরম, ওয়াগ্গা, কাপ্তাই এবং চন্দ্রঘোনা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে এই চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা ৫ হাজার ৫'শ ৬৩ জন কার্ডধারী মোট ৫৫,৬৩০ মেট্রিক টন চাল।
গত বৃহস্পতিবার সকালে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, "মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে প্রতিটি ইউনিয়নে সুষ্ঠুভাবে চাল পৌঁছে দেওয়া হচ্ছে। ৫ জন ট্যাগ অফিসারের উপস্থিতিতে স্বচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে যাতে কোনো প্রকৃত অভাবী মানুষ বঞ্চিত না হয়।"
বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যগণ, ট্যাগ অফিসার এবং খাদ্যশস্য গ্রহণকারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদের আগে সরকারের এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন কাপ্তাইয়ের সাধারণ মানুষ।
(আরএম/এসপি/মার্চ ১৫, ২০২৬)
