ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পাবনার ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের জন্য নতুন একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে রূপপুর গোলচত্বর মোড়ে পুলিশের উদ্যোগে এবং আকিজ গ্রুপের সহযোগিতায় নির্মিত এ ট্রাফিক পুলিশ বক্সটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আকিজ গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে এই ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের ফলে ট্রাফিক সদস্যরা আরও দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি সাধারণ মানুষও জরুরি প্রয়োজনে সহজেই পুলিশের সহযোগিতা নিতে পারবেন।
আকিজ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, দেশের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতে পেরে তারা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে পুলিশের পাশে থাকার আশ্বাস দেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার মো. আশরাফ, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান, ঈশ্বরদী ট্রাফিক ইনচার্জ আব্দুল আল মাহমুদ, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, রূপপুর ফাঁড়ির ইনচার্জ নয়ন সাহা, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
(এসকেকে/এএস/মার্চ ১৬, ২০২৬)
