তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এছাড়া জেলার বিভিন্ন  ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ঈদের দিন সকাল ৮ টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান এ জামাতের ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টা ৪০ মিনিটে।
তবে, আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৮টায় প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।

এছাড়া আধা ঘন্টা পরপর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদ সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।জেলার ৬৭টি ইউনিয়নের ঈদগাহ সহ মসজিদ সমূহে ঈদের জামাত হবে বলে জানা গেছে।

জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লীরা অংশ নেবেন। পরে নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষে দোয়া- মোনাজাত করা হবে।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত একটি ঈদগাহ রয়েছে। ঈদের নামজ আদায়ের জন্য সেখানে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ১৮, ২০২৬)