বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের বাগবাড়ি এলাকায় নীলসাগর আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

আজ বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া- ৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান আলী, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, বুধবার (১৮ মার্চ) দুপুর প্রায় আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের নিকটবর্তী বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং শতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এনে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো অপসারণ করে রাখা সহ রেললাইন মেরামতের কাজ দ্রুত শেষ করেছেন সংশ্লিষ্ট দপ্তর। এ রিপোর্ট লেখা কালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

সান্তাহার থানায় ওসির দ্বায়িত্বে থাকা এসআই মাহফুজুর রহমান সত্যতা স্বীকার করে বলেন এখনো প্রায় কুড়ি জন ট্রেন যাত্রী নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার মধ্যে ভাঙা রুগীই বেশি। এদিকে রেল লাইন মেরামত শেষে বেলা ১টার দিকে ঢাকার সাথে পার্বতীপুর দিনাজপুরের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন।

(বিএস/এসপি/মার্চ ১৯, ২০২৬)