ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় মসজিদে নামাজ আদায়
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গিমাডাঙ্গা ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত স্থগিত করা হয়েছে। খোলা মাঠের পরিবর্তে উপজেলার অধিকাংশ মানুষ স্থানীয় মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন ভোর থেকেই টুঙ্গিপাড়ার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল হওয়ার সাথে সাথেই শুরু হয় প্রবল বৃষ্টি। কোথাও থেমে থেমে আবার কোথাও অঝোর ধারায় বর্ষণ হওয়ায় ঈদগাহ মাঠগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে গিমাডাঙ্গা ঈদগাহ ময়দান বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় সেখানে পূর্বনির্ধারিত জামাত আয়োজন করা সম্ভব হয়নি।
গিমাডাঙ্গা ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই মূলত বৃষ্টি শুরু হয়েছিল। শনিবার সকাল ৮টায় আমাদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোররাত থেকে বৃষ্টির বেগ বেড়ে যাওয়ায় মাঠের অবস্থা শোচনীয় হয়ে পড়ে, ফলে আমরা জামাত স্থগিত করতে বাধ্য হই।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ জানান, গত কয়েকদিন ধরে প্রস্তুতির পর কিছু মাঠ নামাজ পড়ার উপযোগী করা হলেও শেষ মুহূর্তের বৃষ্টির কারণে মানুষ মসজিদের দিকেই ছোটেন। তিনি বলেন, পুরো উপজেলাজুড়েই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। ফলে ঈদগাহের আনন্দ কিছুটা বিঘ্নিত হলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, ভোররাত থেকে প্রচুর বৃষ্টি হওয়ায় ঈদগাহ ময়দানগুলোতে নামাজে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। নিরাপত্তার স্বার্থে এবং মুসল্লিদের দুর্ভোগ এড়াতে অধিকাংশ এলাকার মানুষ মসজিদে নামাজ পড়েছেন।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঈদের সারাদিনই আকাশ মেঘলা থাকতে পারে। দিনভর থেমে থেমে কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
(টিবি/এসপি/মার্চ ২১, ২০২৬)
