একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী, ঝিনাইদহ ও মাগুরা জেলার সংযোগ স্থল পাংশা উপজেলার নাদুরিয়া গড়াই সেতু পরিদর্শনে এসে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, ব্রিজটির কাজ ইতোমধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে, আগামী ৭ নভেম্বর উদ্বোধন করা হবে। সেই লক্ষ্যে ঠিকাদার ও প্রশাসন কে নির্দেশ দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের যে জটিলতা ছিলো সেটা এই সময়ের মধ্যে সমাধান করা সম্ভব বলে তিনি জানান।

সাংবাদিক আনিস আলমগীরের জামিন হলেও অন্তবর্তী কালীন সরকারের আমলে গ্রেফতার হওয়া সাংবাদিকরা কবে জামিন পাবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামিন দেন আদালত আমি আইনমন্ত্রী কিংবা সরকার জামিন দিতে পারি না। আদালতে যেটাকে ফিট মনে করেন সেটাকে জামিন দেন।

রবিবার (২২ মার্চ) দুপুরে গড়াই সেতু পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা. রাশেদ আল মাহামুদ তিতুমীর, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুর সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান প্রমুখ।

উল্লেখ্য, তিন জেলার মানুষের সুবিধার্থে ৬৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার ১৭০ ব্যয়ে ২০২০ সালের জুনে শুরু হয় ৬৫০ মিটার দৈর্ঘ্যের গড়াই সেতুর নির্মাণ কাজ। ২০২৩ সালের জুনে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও কয়েকবার মেয়াদ বাড়িয়েও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান।

(একে/এসপি/মার্চ ২২, ২০২৬)