১৭০ টাকা দরে পেট্রোল-অকটেন বিক্রি
গোপালগঞ্জে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, মুকসুদপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী মোঃ শাহ জালাল তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জালাল এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রল-অকটেন ও এলপিজি গ্যাস মজুদ করে রেখেছে এমন গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় তার দোকানে অবৈধভাবে ৪ হাজার লিটার পেট্রল-অকটেন ও ১০০ সিলিন্ডার এলপিজি গ্যাস মজুদ রাখার দায়ে ব্যবসায়ী মোঃ শাহ জালালকে এলপিজি বিধিমালা ২০০৪ (ধারা ৬ এর ক/৭৪/৮৯)অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ব্যবসায়ীর কেরসিন ও ডিজেল বিক্রির লাইসেন্স রয়েছে। কিন্তু পেট্রল-অকটেন বিক্রির অনুমোদন নেই বলে ওই কর্মকর্তা জানান।
তিনি কর্মকর্তা আরো জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই ব্যবসায়ী ১৭০ টাকা লিটার দরে মজুদকরা পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। সেখানে মোবাইল কোটের বিচারক জ্বালানী তেল ও এলপিজি সিলিন্ডার মজুদ দেখতে পান। তারপর তিনি ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
(টিবি/এসপি/মার্চ ২৩, ২০২৬)
