আবদুল হামিদ মাহবুব


গত ২১ মার্চ ২০২৬ (শনিবার) ছিল ঈদুল ফিতর। দেশে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশে এবার  মানুষ ঈদ উদযাপন করেছে। ঈদের উৎসব আমেজ এখনো বিরাজমান। আমার বাসার বেলকনিতে বসে দেখছি, শিশু কিশোররা রংবেরঙের পোশাক পরে আজও (যখন এই লেখাটা লিখছি) এদিক ওদিক যাচ্ছে। আমার বাসার কাছটায়ই ‘বর্ষিজোড়া  ইকোপার্ক’। সামনে খানিক এগোলে ব্যক্তি মালিকানাধীন একটি বিনোদন পার্ক আছে। সে কারণেই আমার বাসার সামনে দিয়ে হরদম যানবাহন ও লোকজনের আনাগোনা লেগেই থাকে। আর এই ঈদের আমেজে সেটা কয়েকগুণ বেড়ে গেছে। আরও এক দুদিন পর উৎসবের এই আমেজ শেষ হয়ে আসবে। আবারো জীবনের বাস্তবতায় সবাই যার যার কাজে ফিরে যাবেন। তবে ঈদ উৎসবের আমেজ পুরোপুরি শেষ হবার আগেই এবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসও আমরা পাচ্ছি।

উৎসব আমেজের মধ্যেই কত বিষয় আমার মনোজগতকে তাড়িত করেছে। লেখালেখির মানুষ, সাংস্কৃতিক অঙ্গনেও পদচারণা করেছি, এই কারণে অনেক কিছু মেনে নিতে পারি না, মানিয়েও নিতে পারি না। যখন যেটা ভাবায় সেটা বলে ফেলি। এটা আমার দোষ হতে পারে, কেউ কেউ গুণ হিসাবেও দেখেন। তবে কারো ভাবাভাবিতে আমার কোন ভ্রুক্ষেপ নেই। আমি আমার মনের আনন্দে কিংবা মনের বিষাদে এই কাজগুলো করি।

এই লেখায় আমি কবিতা আবৃত্তি প্রসঙ্গ নিয়ে সহজ-কঠিন করে কিছু কথা লিখে ফেলতে মনস্থির করেছি। সেই কারণে এই লেখার শিরোনাম; উৎসব আমেজে সহজ-কঠিন আবৃত্তি প্রসঙ্গ! আবৃত্তি প্রসঙ্গ মানে আমি ‘কবিতা আবৃত্তি’র প্রসঙ্গেই আমি যাবতীয় কথা এখানে লিখব।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের কল্যাণে অনেক নতুন নতুন আবৃত্তিকার পাচ্ছি। কিন্তু আবৃত্তির মধ্যে নতুনত্ব পাচ্ছিনা! অন্যরা যে স্টাইলে (ঢঙে) আবৃত্তি করে ফেলেছেন, এরাও দেখি সেই স্টাইলই ফলো করেন! এইসব আবৃত্তি আমাকে টানে না। মনে হয় অন্য কোন আবৃত্তিকারের কণ্ঠ নকল করার চেষ্টা করছে। এদের আবৃত্তিতে কোন ‘ভেরিয়েশন’ (বৈচিত্র) নেই!

কাউকে কাউকে দেখি এইসব ফেসবুক আবৃত্তিকারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে। এই আবৃত্তিকারের কেউ কেউ ফেসবুকে অন্যদের কবিতা একটু গলা কাঁপিয়ে কাঁপিয়ে কণ্ঠ উঠানামা করে পড়ে টাকাও কামাই করছেন। অনেক কবি তাদেরকে টাকা পরিশোধ করেন, তারা যেন সেই কবির কোন একটি কবিতা আবৃত্তি করে ফেসবুকে আপলোড করে দেন।
কেবল এই ফেসবুকের কথাই বলি কেন? আমাদের রেডিও টেলিভিশন ইউটিউব-সহ প্রচার মাধ্যমের সকল ক্ষেত্রের কথাই বলা যায়, সেগুলোতে আবৃত্তির নামে আমরা যা শুনছি, আসলেই কি এগুলো আবৃত্তি হচ্ছে?
এইতো ঈদে আমাদের টেলিভিশনগুলোতে লম্বা বিশেষ বিশেষ প্রোগ্রাম হলো। অনেক টেলিভিশনেই ঈদের কবিতার আবৃত্তির অনুষ্ঠান ছিলো। সেগুলো শুনলেও আমরা কি আবৃত্তির স্বাদটা পেয়েছি? কবি কণ্ঠে কবিতার পাঠ যদি হয়, সেগুলো ভিন্ন বিষয়। কবিতা পাঠ নিয়ে আমার কোন কথা নেই। এই লেখার সকল কথা আবৃত্তির নামে যা শুনছি সেগুলো নিয়ে। ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ২১ ফেব্রয়ারি শহীদ দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। এই দিবসগুলো কেন্দ্র করেও আবৃত্তির অনুষ্ঠান থাকে, আগামীতেও থাকবে। কিন্তু সত্যিকারের আবৃত্তি কি খুব একটা পাই?

মন্দ-ভালোর আবৃত্তি এখন জীবিকা নির্বাহের পথ হচ্ছে। এটাকে আমি অবশ্য মন্দ ভাবে দেখছিনা। কবিতা পাঠ কিংবা আবৃত্তি যাই বলি, এমন করেও যদি দুই-চার জনের জীবিকা নির্বাহ হয় সেটা অবশ্যই সুখের বিষয়। কিন্তু বহুল পঠিত কিংবা বহুল আবৃত্তি হওয়া কবিতা যখন এরা আবৃত্তি করেন (সকল নয়), তারা পূর্বের আবৃত্তিকে ছাড়িয়ে যেতে পারেন না। ছাড়িয়ে যেতে না পারায় তখন তাদের সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। আবৃত্তিকার এই অভিধার অবনমন ঘটে। আমাদের কালজয়ী আবৃত্তিকার গোলাম মোস্তফা, আসাদুজ্জামান নূর প্রমূখদের সাথে অবিচার হয়। তাই আমি বিষয়টি নিয়ে এত কথা বলছি।

সেই বিখ্যাত আবৃত্তিকার এবং খ্যাতিমান সেই কবিদের কবিতার অবমূল্যায়ন করে প্রচার মাধ্যমে আবৃত্তি করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি আবৃত্তিকার নাম নিয়ে, এমন করতে পারেন না। তাই আমি এই নতুন আবৃত্তিকারদের পরামর্শ দিতে চাই; আপনারা কপি করে অন্য আবৃত্তিকারের আবৃত্তিটা নিচে নামাবেন না। নতুন কবিদের কবিতা অর্থের বিনিময়েই পাঠ করে সেগুলো রেকর্ড করে ছাড়–ন এতে নতুন লিখিয়ে কবি যেমন উৎসাহিত হবেন, আপনারও কিছু আর্থিক স্বচ্ছলতা আসবে।

কিন্তু খ্যাতিমান কবিদের কবিতাগুলোর আর বারোটা বাজাবেন না। কাজী সব্যসাচী, কাজী আরিফ, শফি কামাল, প্রজ্ঞা লাবনী, এমনকি শিমুল মুস্তফা যে কবিতা কন্ঠে ধারণ করেছেন ওইগুলো আপনারা আবার চর্বিতচর্বণ করে নিচে নামিয়ে দিবেন না। আমি বলবো আহকাম উল্লাহও যে আবৃত্তি করেছে, সেটাও কেউ আবৃত্তি না করাই শ্রেয় হবে।

আবৃত্তি আর পাঠের মধ্যে ফারাক অনেক। আবৃত্তি হচ্ছে শিল্প। পাঠ কোন শিল্প নয়। এটা কেবলই কাউকে শোনানো। আবৃত্তি শুনে শত শত হাজার হাজার জন। আর পাঠ শুনে হাতে গোনা এক দুজন। আমাদের প্রতিবেশি দেশ ভারতে আবৃত্তিকারকে তারা নতুন নাম দিয়েছে ‘বাচিক শিল্পী’ হিসেবে।

আসলেইতো একজন কবি কবিতা লিখেই খালাস। কবির কবিতার ভাব, ছন্দ, তাল, চিত্রকল্প-সহ আরো আরো গোপন বিষয়-আশয় থাকে। সেসব ধরে ধরে নিজের মধ্যে আত্মস্থ করে সেই কবিতাটাকে কন্ঠের মাধ্যমে যিনি শিল্পে পরিণত করে দর্শক কিংবা শ্রোতার কাছে উপস্থাপন করেন তিনি তো একজন ‘শিল্পী’ই। আর সেটা তিনি করছেন তার কণ্ঠ ও বাচনভঙির মাধ্যমে। তাই তিনি অবশ্যই ‘বাচিক শিল্পী’ অভিধা পেতেই পারেন।

আমাদের যারা এই যেনতেন ভাবে ভাঙাভাঙা আর কাঁপাকাঁপা গলায় কন্ঠ কখনো উঁচু কখনো নিচু করে কিছু পড়ে ফেললেই সেটা আবৃত্তি হয়ে যায় না। আবৃত্তি একটা শিল্প। শিল্পকে ভাঙতে হয়, গড়তে হয়। তারপর হয়তো সেটা নতুন রূপ পায়। একটা নতুন কিছু করাই হচ্ছে শিল্প। তাও সেটা শিল্পিত ভাবে হতে হবে।

নিজের বাসা বাড়ি বানানো কিংবা সাজানোতেও শিল্পবোধের কাজ প্রকাশ পায়। আমরা নিজেদের কাজ নিজেরা দেখিনা এবং সেভাবে ভাবিও না বলে ওই শিল্পটা দেখতে পাই না। বাবুই পাখি যেমন তার বাসা নৈপুণ্যের সাথে বানায়। আবৃত্তি শিল্পীকেও সবকিছু ধারণ করে নৈপুণ্য দিয়ে সেটা নতুনভাবে তৈরি করতে হবে। একটি সার্থক কবিতার প্রতিটি শব্দকে মর্মে উপলব্ধি করতে হবে, স্থান কালের বিষয়টি মাথায় রাখতে হবে, কবি কোন মেজাজে, কি প্রকাশে; এই কবিতায় কি মেসেজ (বলতে চাওয়া) দিতে চেয়েছেন? সেটা পুরোপুরি বোঝে তারপরে ছন্দ লয় তাল চিত্রকল্প সবকিছু বোধ বুদ্ধিতে নিয়ে আবৃত্তির রূপ দিলে সেটা একটা সার্থক আবৃত্তি হতে পারে।

আবৃত্তির ক্ষেত্রে প্রতিটি শব্দের স্পষ্ট উচ্চারণ একটা বিষয়। তবে কেবল স্পষ্ট উচ্চারণেই আবৃত্তি হবে না। এর সাথে উপরে বলা কবিতার সকল বিষয় তো থাকবেই, আবৃত্তিকারের আবেগ যুক্ত হতে হবে। সেই আবেগটা কোথায় কতটুকু প্রয়োগ হবে, সেটা আবৃত্তিকারকে অবিরাম চর্চার মাধ্যমে নির্মাণ করতে হবে। কোন একজন একটা কবিতা আবৃত্তিকারের হাতে ধরিয়ে দিল আর তিনি সেটা পট্ পট্ করে পড়ে ফেললেন। এটাকে কি আবৃত্তি বলা যাবে? নিশ্চয়ই না। এটা একটা পাঠ। আবৃত্তিকার কবির কবিতা পাঠ করে শুনিয়েছেন। আজকাল এই পাঠটাকে আবৃত্তি বলে চালানো হচ্ছে, যা আমার কাছে দৃষ্টি ও শ্রুতিকটু লাগছে।

এই লেখার পুরো বক্তব্যই একান্ত আমার। অন্যদের এ বিষয়ে ভিন্নমত থাকতেই পারে। ভিন্নমত থাকাটাই স্বাভাবিক বলে আমি ধরে নিই। এই মত এবং ভিন্নমত প্রকাশ করা এটাই হচ্ছে আমাদের বাকস্বাধীনতা। আমি চাইবো আমার এই বক্তব্য খারিজ করে দিয়ে কিংবা পর্যালোচনা করে অন্য কেউ এ বিষয়ে তার বক্তব্য নিয়ে হাজির হবেন।

আবৃত্তিকার ভাই-বোনদের বলছি, আপনারা যদি নিবেদিত হয়ে আবৃত্তিকে শিল্পের মানে নিয়ে কারো কবিতা আবৃত্তি করতে পারেন, তাহলে বহুল পঠিত কিংবা বহুল আবৃত্তি হওয়া কবিতাগুলো আবৃত্তির চেষ্টা করবেন। নতুবা না। না, মানে একদম না। যদি আবৃত্তি মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করতে না পারেন, তবে অর্থের বিনিময়ে যেই অকবিতাগুলো কবিতার মতো করে পড়ছেন, সেটাই করতে থাকুন। বিনীত অনুরোধ আবৃত্তির মর্যাদাটা রক্ষা করুন। সে কারণেই আমার এই কঠিন ভাবে ‘না’ শব্দটা বলা।

আমি কোন ছন্দ বিশারদ নই। আবৃত্তি ক্লাসের কোন শিক্ষকও নয়। তবে একটা বয়সে কবিতা-ছড়ার পাশাপাশি আবৃত্তি নিয়েও অনেক ঘাটাঘাটি করেছি। মঞ্চে উঠে দাপাদাপি করেছি। কিন্তু না, কারো চোখে পড়ার মতো কিছু করতে পারিনি। এইসব আনাড়িপনা করেছি বলে কোন কোন সময় বাচ্চাদের আবৃত্তির বিচারক হিসেবেও বসিয়ে দিয়েছে। যখন বোধে আসলো আমার আক্কেল দিয়ে যেসব বাচ্চাদের আবৃত্তির বিচার করছি সেগুলো অবিচারের শামিল, তখন চুপচাপ ঐ ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।

এখনো আমাকে বিশেষজ্ঞ মনে করে কোন কোন সময় কেউ কেউ ডেকে বসেন। ভাবটা ঠিক রেখে কেবল পাশ কাটিয়ে যাই। বুঝতে দিই না, আমিও যে ওসবের কিছুই বুঝিনা। পাছে নিজের অবস্থান তাদের কাছে ছোট হয়ে যায়। আমাদের এই সমাজে প্রায় সকলেই একটা ভাব ধরে থাকে। যে যে ক্ষেত্রে আছেন, সেখানে তিনিই ভাবেন সেরা। আমিও তার ব্যতিক্রম হব কেন? তাই ভাবটা ধরেই থাকি। কিন্তু নিজে নিজেকে যখন মূল্যায়ন করি তখন তো বুঝতে পারি আমি যে আস্ত একটা লবডঙ্কা! কিন্তু বাইরে ভাবটা ধরেই রাখি।

এইখানিক আমার কথা বলে ফেললাম। কথাগুলো আমার হলেও আমাদের এই অঙ্গনের সকলের ক্ষেত্রেই এমন প্রযোজ্য। বুঝতে পারি কে কতটুকু জানে! আর কে কতটুকু বুঝেন! যারা পন্ডিত্যের ভাব ধরে থাকেন তাদেরকে একবার দু’বার বাজালেই আসলটা বেরিয়ে আসে। তারপরও কথা একটা আছে, ‘বাধা ঝাঁপি লাখ টাকা’। সেই লাখ টাকার ঝাঁপিটা আমরা খুলে দেখি না। যিনি বোঝেন তিনিও ঝাঁপির মুখ বন্ধ করে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

পুরো সমাজটাই চলছে এভাবে। যে যেটাতে যোগ্য না, সে সেটাই দখল করে বসে যায়! তাকিয়ে দেখুন; আমাদের বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, এমনকি নজরুল ইনস্টিটিউটের মত প্রতিষ্ঠানগুলোর দিকে। আমি কেবল ঢাকার কথা বলছি না। সারাদেশে যাদের শাখা আছে। সেখানে যারা বড় বড় পদ দখল করে আছে, প্রশিক্ষণের দায়িত্ব নিয়ে আছেন, প্রশিক্ষক হিসেবে নিয়োগও নিয়েছেন, তাদের কার কতটুকু ব্যুৎপত্তি আছে সেই বিষয়ে উপর?

এসব নিয়ে প্রশ্ন তুললে শত্রু হয়ে যাব। কিন্তু কাউকে না কাউকে তো কথা বলতেই হবে। সবাই যদি সবকিছু কেবল মানিয়েই নেই, তবে এই সমাজ এগোবে কিভাবে? যখন বিবেক আছে, বিবেকের তাড়নায় আমি অনেক বিষয়ে বলে ফেলি।

হয়তো এখন একটু বয়স বেড়েছে, সে কারণে সবকিছুতে বেশি কথা বলি, নাক গলাই। কিন্তু এই যে বলে ফেললাম, এতে আমার নিজের ভেতরটা অনেক হালকা হয়েছে বলে অনুভব করছি। নিজেতো নিজেকে এই বলে সান্ত¦না দিতে পারব, যে আমি অন্তত এই প্রসঙ্গটা উত্থাপন করেছিলাম। আমার কথা কেউ তলিয়ে দেখবে, আমি সেটা আশা করি না। কিন্তু নিজের ভেতর যে একটা যন্ত্রণা ছিল, এই বলে ফেলায়, সেই যন্ত্রণা থেকে আমি কিছুটা হলেও নিষ্কৃতি পেলাম।

জানি আমার এই লেখাটা পড়ে অনেকই ক্ষ্যাপে উঠবে। আমাকে গালাগাল মন্দ-সন্দ অনেক কিছু বলবেন। কিন্তু আমি আমার বক্তব্যে অটল। ইচ্ছে হলে কেউ গ্রহণ করবেন, যাদের ক্ষোভ জন্মাবে তারা চোখ ফিরিয়ে নেবেন।

লেখক: সিনিয়র সাংবাদিক ও শিশু সাহিত্যিক।