অমর ডি কস্তা, নাটোর : নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির হোসেন (২৭) এবং বাবুল হোসেন (৩৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে যাত্রী নিয়ে একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। তবে এ সময় ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে ইজিবাইক চালক রাব্বি (২২), যাত্রী মিঠুন সাহা (৩৫) ও মজনুকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং যাত্রী রাজিব৩৫)কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকচালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।
(এডিকে/এসপি/মার্চ ২৪, ২০২৬)